পাগলা সন্ধ্যা, নীল চাঁদ, হুমায়ূন কবীর মাসয
পাগলা সন্ধ্যা, নীল চাঁদ
হুমায়ূন কবীর, মাসয
২৯/৪/২৬
এ কথা সত্যি।
তুমি মরে যাবে
এ কথাও সত্যি।
কিন্তু -
আমি তোমার আমার মৃত্যুর কথা বলছিনে।
আমি বলছি,
এই নরম ভিজে ভিজে বৈশাখের পাগলা সন্ধ্যা
খুক করে কেশে উঠে তারপর -
অবিরত কাশতেই থাকবে শীর্ণ বৃদ্ধের মতো সহসা?
ওরও কি বয়স হয়ে এলো?
অতি দ্রুত বৃদ্ধ হয়ে,
তোমার আমার মৃত্যুর আগেই
মরে যাবে না তো সে?
এশিরিয়ো ধুলো হলো
ব্যবিলনও হলো ছাই।
সেটাই কি দারুণ স্বাভাবিক।
কিন্তু আমাদের অসভ্য সভ্যতার আয়ু বাড়াতে যেয়ে
দূষণে দূষণে ফুসফুস পঁচে
মরে যাবে কি নরম চাঁদের আলো,
গোলাপের প্রেম প্রেম সৌরভ?
আমাদের উত্তর থেকে উত্তরতররা
পাবে কি কাব্যিক চোখ,
কাঁঠালের গন্ধে মাতাল তুমুল ইন্দ্রিয় ঝড়?
কবে তথাকথিত সভ্যতার কুলখানি হবে?
বারুদের গন্ধহীন বুনো পৃথিবীর বুকে
পাথুরে মঙ্গল থেকে বহুদূরে
পুরনো পরিচিত আকাশে
যদি ওঠে নীল চাঁদ আবার
তুমি আমি নাহয় না পেলাম তার দেখা,
আমাদের রক্ত লতিকা তো খুঁজে পাবে
যে পৃথিবীর স্বপ্ন বুকের আলমারিতে সাজিয়ে রাখি তুমি আর আমি -
তার কিনারে থাকবে তো তাদের একটা নিশ্চিত সবুজ ঠিকানা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন